বদরগঞ্জে পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ, ৫০ হাজার টাকার ক্ষতির দাবি
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে পূর্ববিরোধের জেরে পুকুরে গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী গৃহবধূ রাজেদা খাতুন। এ বিষয়ে তিনি ৮ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, মো. খায়রুল আলম (৩২), মো. মাহমুদুল হাসান (৩৫),মো. হাকিম (৩৬),মো. শাকিল (৩০), মো. ফারুক মিয়া (৩৫), মো. টিপু (৩৫), মো. রিপন (২৪), মোঃ আলমগীর (২৮)। তাদের বাড়ি গোপালপুর ইউনিয়নের গোপালপুর ক্লাব মোড়।
অভিযোগ সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার ১১ নং গোপালপুর ইউনিয়নের গোপালপুর মুসলিমপাড়ার বাসিন্দা মো. আব্দুল হালিমের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে এর আগেও মারামারির ঘটনা ঘটে এবং আদালতে একটি সিআর মামলা দায়ের করা হয়।
লিখিত অভিযোগে রাজেদা খাতুন উল্লেখ করেন, গত ২৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তাঁর স্বামীর পুকুর পাহারায় থাকা দুই পাহারাদার মাছের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা পুকুরে গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে পাহারাদারদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরদিন ৩০ অক্টোবর সকালে বিষয়টি জানার পর পুকুরে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, পুকুরে গ্যাসের ট্যাবলেট প্রয়োগের কারণে বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পুকুরে মাছ মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
ভুক্তভোগী রাজেদা খাতুন জানান, পূর্ববিরোধের জেরে তাঁদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানান, অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পরানো হয়েছে।