২৪ শ্রাবণ, ১৪৩৩ - ০৮ আগস্ট, ২০২৬ - 08 August, 2026

কৃষি অফিসের মনিটরিং না থাকায় সার বিতরণে অনিয়মের অভিযোগ, গঙ্গাচড়ায় কৃষকদের মানববন্ধন

149
2026-08-08 20:44:08

news-picture

নিজস্ব প্রতিবেদক:

কৃষি অফিসের পর্যাপ্ত মনিটরিং না থাকায় সার বিতরণে অনিয়ম ও কৃষকদের হয়রানির অভিযোগ তুলে রংপুরের গঙ্গাচড়ায় মানববন্ধন করেছেন কৃষকরা। আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পাওয়া এবং সার সংগ্রহে ভোগান্তির জন্য কৃষি বিভাগের তদারকির ঘাটতিকেই দায়ী করেছেন তারা।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের ঠাকুরাদহ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঠাকুরাদহ গ্রামের শতাধিক কৃষক অংশ নেন।

মানববন্ধনে কৃষকরা অভিযোগ করে বলেন, আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে তারা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। সার সংগ্রহ করতে গিয়ে নানা ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে। অথচ কৃষকদের অভিযোগ, সার বিতরণ কার্যক্রমে কৃষি অফিসের মাঠপর্যায়ের পর্যাপ্ত মনিটরিং নেই। ফলে সার বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম ও বিশৃঙ্খলার সুযোগ তৈরি হচ্ছে।

বক্তারা আরও বলেন, কৃষকদের প্রকৃত চাহিদা অনুযায়ী সার সরবরাহ ও বিতরণ হচ্ছে কি না, তা কৃষি অফিসের নিয়মিত তদারকি করা প্রয়োজন। কিন্তু কার্যকর মনিটরিং না থাকায় কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। দ্রুত মাঠপর্যায়ে নজরদারি বাড়িয়ে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সার বিতরণ নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন কৃষক আব্দুল জব্বার (৭৭), রহিদুল ইসলাম (৫৫), এজারুল (৩৫), রফিকুল ইসলাম (৫৭), যোগেশ চন্দ্র সরকার (৪২) ও আফজালুল হক (৬২)।

কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সার বিতরণ কার্যক্রমে কৃষি বিভাগের নিয়মিত মনিটরিং, পর্যাপ্ত সার সরবরাহ এবং কৃষকদের হয়রানি বন্ধের দাবি জানান।

এ বিষয়ে বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হুদা বলেন, “কৃষকরা যাতে প্রয়োজনীয় সার পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেইন বলেন, “উপজেলায় সার সংকট নেই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।”

এ বিষয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের বক্তব্য জানতে একাধিকবার তাঁর সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়