বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক কেন্দ্রে ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তির:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর আঞ্চলিক কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ওয়াহিদুজ্জামান আহমেদেও নেতৃত্বে ও যুগা-পরিচালক (হিসাব) আজিজার রহমান সহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পতাকা উত্তোলন শেষে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাকিদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ও তাৎপর্য তুলে ধরা হয়। পরবর্তী সময়ে আঞ্চলিক পরিচালক ওয়াহিদুজ্জামান আহমেদ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার লক্ষ্য, তাৎপর্য এবং দেশের মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের ভুমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন যে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উন্মুক্ত-দূরশিক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রেখে চলেছে। আলোচনা শেষে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উত্তোরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘটে।
নির্দেশনা মোতাবেক রংপুর আঞ্চলিক কেন্দ্রাধীন ০৮টি উপ-আঞ্চলিক কেন্দ্র দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, সৈয়দপুর, লালমনিরহাট, কালীগঞ্জ ও কুড়িগ্রাম এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দিবসটি যথাযথভাবে উদ্যাপন করেন।