১৩ কার্তিক, ১৪৩৩ - ২৯ অক্টোবর, ২০২৬ - 29 October, 2026

গঙ্গাচড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

52
2026-10-28 20:46:09

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদ।

সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. জেসমিন আক্তার বলেন, সুস্থ থাকতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার মাধ্যমে জীবাণুর সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ অভ্যাস পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এ জন্য সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক নিয়ম শেখাতে হবে।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা রুবেল হুসেইন, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, সমবায় কর্মকর্তা মো. আফতাবুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার এবং লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক নিয়ম ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়