কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষায় দুই কলেজের কেউ পাস করেনি, ফেল ৫৪ শিক্ষার্থী
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার দুটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৪ জন শিক্ষার্থীর একজনও পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান দুটি হলো ভেড়ভেড়ী মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজ এবং নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৩৫ জন। অকৃতকার্য হয়েছে ১ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দুটি প্রতিষ্ঠানের ফলাফল ছিল শূন্য। ভেড়ভেড়ী মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫১ জন এবং নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু দুই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার বলেন, প্রতিষ্ঠান দুটি নন-এমপিওভুক্ত হওয়ায় শিক্ষকরা নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত থাকেন না বলে জানা গেছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি এবং প্রতিষ্ঠান দুটি গ্রামীণ এলাকায় অবস্থিত হওয়াও ফলাফল বিপর্যয়ের সম্ভাব্য কারণ হতে পারে।#