বদরগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বদরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাহাপুর এলাকায় এ কার্যক্রম শুরু হয়। সংগৃহীত তথ্য অনলাইন ডেটাবেইজে সংরক্ষণ করা হচ্ছে।
এ উপলক্ষে সকালে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সেলিম লোহানী কমল।
কমল লোহানী বলেন, নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকারের এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পৌর শহরের সাহাপুর ১ নং ওয়ার্ডে কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে পৌর বিএনপির পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা থাকবে বলেও তিনি জানান।
বদরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য ও আর্থসামাজিক অবস্থাসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। পরে সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেইজে যুক্ত করা হচ্ছে।পরবর্তী সময়ে পিএমটি (প্রক্সি মিনস টেস্টিং) পদ্ধতিতে ডেটাবেইজের তথ্য যাচাই-বাছাই করে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।
সরকারের এ কর্মসূচির মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি অসচ্ছল ও যোগ্য পরিবারগুলোর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।