২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১১ জুন, ২০২৬ - 11 June, 2026

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে রংপুরে চলছে জার্সি কেনার ধুম

22
2026-06-10 17:43:18

news-picture

নিজস্ব প্রতিবেদক:

আসছে ১১ জুন থেকে ২৩ তম ফুটবল বিশ্বকাপ-২০২৬ শুরু হতে যাচ্ছে, যা ১৯ জুলাই-২০২৬ পর্যন্ত চলবে। প্রতি আসরের মতো এবারও বিশ্বকাপ খেলা মাঠে গড়ানোর আগেই বাংলাদেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিশ্বকাপের উন্মাদনা। যেগে উঠেছে বিভিন্ন সংগঠন। বিশ্বকাপের এই আসরে সবচেয়ে বড় হাওয়া লেগেছে জার্সি ও পতাকার বাজারে। প্রিয় দেশ/দলের জার্সি গায়ে জড়িয়ে খেলা দেখার চিরচেনা বাঙ্গালির আবেগ এবারও ফিরে এসেছে। জার্সি ও পতাকার পাশাপাশি বাজারে ফুটবল, বুটের বিক্রিও জমজমাট চলছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন নিজেদের পছন্দের দলের জার্সি সংগ্রহ করতে ভিড় করছেন দোকানগুলোতে। বিশেষ করে ১০-৩০ বছর বয়সের যুবকরা, পিছিয়ে নেই বয়স্করাও।

জানা যায়, এবারের বিশ্বকাপের আয়োজক দেশ যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ইতিহাসের প্রথমবারের মতো এবার বিশ্বকাপে ৩২ টি দেশের পরিবর্তে ৪৮ টি দেশ ১২ টি গ্রুপে বিশ্বকাপ টুনামেন্টে অংশ নিবে। পুরো টুনামেন্টে মোট ১০৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ ও ১০ জুন) রংপুরের বিভিন্ন মার্কেট বিশেষ করে ফুটপাত ও স্পোর্টস মার্কেট ঘুরে দেখা যায়, বিশ্বকাপকে সামনে রেখে জার্সি বিক্রির জমজমাট ধুম পড়েছে। প্রতিবারের মতো বাংলাদেশে এবারও মাঠের বাইরে মুখোমুখি আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা। কেউ আসছেন নিজের জন্য, কেউবা আসছেন সন্তানের জন্য আবার কেউ আসছেন সংগঠনের জন্য জার্সি কিনতে। রংপুরে দেখা যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের কয়েকটি সংগঠন।

জানতে চাইলে একটি সংগঠন আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব রংপুরের সভাপতি আসাদুজ্জামান আফজাল বলেন, “আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ও ম্যারাডোনার ভক্ত। পরে মেসির খেলা দেখার পর আমি তার খুবই ভক্ত হই। এবারও আর্জেন্টিনার জার্সি কিনেছি এবং বাসায় পতাকাও টানিয়েছি। আশা করি এবার কাপ আমরাই নেবো।”

তিনি আরো বলেন, প্রতিবারের মতো আমাদের সংগঠন আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে খেলা দেখার আয়োজন করা হয়েছে আপনারা সকলে আমন্ত্রিত।

ব্রাজিল কেন্দ্রীক সংগঠন ব্রাজিল ফ্যান্স ক্লাবের সভাপতি মাহমুদুর রহমান টিটু, “আমি ও আমার সংগঠনের সকলে ব্রাজিলকে মনে-প্রানে ভালোবাসি। ব্যস্ততার কারণে আগের মতো বিশ্বকাপ ফুটবল বিশ্লেষণ করা হয় না। নেইমারের ফুটবল খেলার স্কিল আমার বরাবরই ভালো লাগে। পাশাপাশি আমার সন্তানরাও ব্রাজিলের সমর্থক। আমি চাইবো এবারের বিশ্বকাপটা ব্রাজিলই পাক।”

আর্জেন্টিনা-ব্রাজিলের রেষারেষির বাইরে এবার অন্যান্য দলের প্রতিও ঝোঁক বেড়েছে রংপুরবাসীর। দেখা যাচ্ছে জার্মান, পর্তুগাল, জাপান, স্পেন, ফ্রান্সের জার্সি কিনছে অনেকে আবার ইরানের জার্সিও অনেককে কিনতে দেখা যাচ্ছে।

বিশ্বকাপ ফুটবল খেলার আমেজে চাহিদা তুঙ্গে থাকলেও কাপড়ের দাম এবং উৎপাদন সংকটের কারণে জার্সির দাম এবার কিছুটা চড়া বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। ৩৫০ টাকা থেকে শুরু করে ভালো মানের জার্সির দাম দেড়-দুই হাজার বা তারও বেশি। এতে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ক্রেতা।

রংপুরের ফুটপাতের ব্যবসায়ী শাহ্ আলম বলেন, “এবারের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে জার্সি সংকট দেখা দিয়েছে, ফ্যাক্টরি থেকে পর্যাপ্ত পরিমাণে জার্সির প্রোডাকশন না দেওয়ায় এবার দাম প্রায় দ্বিগুণ। কাস্টমারদের চাহিদা অনুযায়ী জার্সি বিক্রি করতে হিমশিম খাচ্ছি।”

সুপার মার্কেটের খেলা ঘরের সত্বাধিকারী শুভ বলেন, “বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে জার্সি বেচাকেনা বেশ ভালো হচ্ছে। আর্জেন্টিনা-ব্রাজিলের পাশাপাশি পর্তুগাল, স্পেন, ফ্রান্সের জার্সির চাহিদাও এবার ব্যাপক। তবে, সিজন অনুযায়ী বেশি দামে কিনতে হচ্ছে, তাই বিক্রিও করতে হচ্ছে কিছুটা বেশি দামে।”

‎‎বিভিন্ন জার্সির দাম সম্পর্কে তিনি আরও জানান, লোকাল জার্সি: ৩৫০ থেকে ৫০০ টাকা, ফ্যান এডিশন জার্সি: ৫০০ থেকে ৬৫০ টাকা, প্লেয়ার কপি জার্সি: ৯০০ থেকে ১হাজার ১০০ টাকা, প্লেয়ার এডিশন জার্সি: ১হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। শিশুদের জার্সি: ২০০ টাকা থেকে শুরু (মানভেদে দ্বিগুণ পর্যন্ত)।

সর্বশেষ

জনপ্রিয়