২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১১ জুন, ২০২৬ - 11 June, 2026

গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, র‌্যাব-১৩-এর অভিযান

116
2026-06-10 20:28:32

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় দায়ের হওয়া বহুল আলোচিত এক গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বুধবার (১০ জুন) ভোর রাতে উপজেলার ধনতলা বাজারসংলগ্ন দক্ষিণ বেতগাড়ী (কলাবাড়ী) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার হাবিবুর রহমান দক্ষিণ বেতগাড়ী (কলাবাড়ী) এলাকার বাসিন্দা এবং স্থানীয় নয়া মিয়ার ছেলে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি  এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকেই অভিযুক্ত হাবিবুর রহমান পলাতক ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গ্রেফতার এড়াতে তিনি বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। তার অবস্থান শনাক্ত করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে আসামি গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার পর থেকেই ভুক্তভোগী পরিবার আসামির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে আসছিল। স্থানীয় সচেতন মহলও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‌্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের মাধ্যমে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়