১২ আষাঢ়, ১৪৩৩ - ২৬ জুন, ২০২৬ - 26 June, 2026

কুড়িগ্রামে জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

11
2026-06-26 14:19:21

news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে শুরু হয়েছে জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬। আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা, শিক্ষাপ্রতিষ্ঠান ও দাবা ক্লাবের বিপুলসংখ্যক দাবাড়ু অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, “দাবা শুধু একটি সাধারণ খেলা নয়; এটি মেধা, ধৈর্য, কৌশল ও সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ মানসিক বিকাশে দাবা চর্চার কোনো বিকল্প নেই।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “কুড়িগ্রামে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হলে ভবিষ্যতে এখান থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ দাবাড়ু তৈরি হবে, যারা দেশের মুখ উজ্জ্বল করবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। দাবা খেলা মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ধৈর্য বাড়াতে সাহায্য করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মেধাভিত্তিক ক্রীড়া চর্চায় সবসময় সব ধরনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা বজায় থাকবে।”

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া,কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জাতীয় দাবা বিচারক মোজাহিদুল ইসলাম, সোনালী অতীত ক্লাব কুড়িগ্রাম এর সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুকসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, উদ্বোধনের পরপরই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে। খেলাগুলো পরিচালনা করছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুমোদিত আর্বিটারবৃন্দ। নির্ধারিত রাউন্ডের খেলা শেষে বিজয়ী সেরা খেলোয়াড়দের মধ্যে ট্রফি, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সর্বশেষ

জনপ্রিয়