৬ শ্রাবণ, ১৪৩৩ - ২১ জুলাই, ২০২৬ - 21 July, 2026

গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেপ্তার, ছিনিয়ে নেয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ

16
2026-07-20 17:20:16

news-picture

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া (ক্যাসিনো) পরিচালনার অভিযোগে ক্যাসিনো এজেন্ট আব্দুর রাজ্জাকে (৩৫) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়ার উদ্দেশ্য পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা গ্রামের নূরুন্নবীর ছেলে ক্যাসিনো এজেন্ট আব্দুর রাজ্জাক দীর্ঘ দিন থেকে   ওই এলাকায় অনলাইন জুয়া(ক্যাসিনো) পরিচালনা করে আসছিলো। এর প্রেক্ষিতে গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে  গোবিন্দগঞ্জ থানার এস.আই শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সেখান থেকে থানায় নিয়ে আসার সময় তাকে পুলিশের হাত থেকে  ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার স্বজনরা  পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে।

খবর পেয়ে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহুরুল ইসলাম এবং গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস.আই মীর শিবলী কায়েসসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গ্রেপ্তারকৃত রাজ্জাককে  থানায় নিয়ে আসেন।

ক্যাসিনো এজেন্ট রাজ্জাককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক 'দৈনিক প্রত্যাশা প্রতিদিনকে' বলেন, তার ব্যবহৃত মোবাইল ফোনে অন লাইন জুয়ার (ক্যাসিনো) বিভিন্ন ধরণের অ্যাপের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং আজ সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়