১৫ শ্রাবণ, ১৪৩৩ - ৩০ জুলাই, ২০২৬ - 30 July, 2026

গঙ্গাচড়ায় ভূমি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ: আহত ৩, বাড়ি ছেড়ে পালিয়েছে পরিবার

16
2026-07-30 19:17:40

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তালুক হাবু মাঝাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, এলাকার বাসিন্দা আব্দুর রহিম ওরফে ফুল চাঁন (৬৫) ও তার সহযোগীরা এ হামলা চালায়। এ ঘটনায় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর নিরাপত্তাহীনতার কারণে ভুক্তভোগী পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে দাবি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে মৃত মোহাম্মদ আলী তালুক হাবু মৌজার ১৯১ ও ১৯৩ নম্বর হাল খতিয়ানের ১৯ শতক জমি স্থানীয় মৃত আব্দুল জব্বারের মেয়ে রওশনারা বেগমের কাছ থেকে ক্রয় করেন এবং সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। মোহাম্মদ আলীর মৃত্যুর পর তার স্ত্রী আবেদা বেগম (৮৫) এবং দুই ছেলে আবুল হোসেন (৪৫) ও আব্দুল বাতেন (৪২) পরিবার-পরিজন নিয়ে সেখানে বসবাস করে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি জমির বিক্রেতা রওশনারা বেগমের বৈমাত্রেয় ভাই আব্দুর রহিম ওরফে ফুল চাঁন ওই জমির মালিকানা দাবি করে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় মো. আবুল কাসেম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় ৮৩১/২৬ নম্বর মামলা দায়ের করেন। আদালত বিবাদমান জমিতে প্রতিপক্ষের প্রবেশে নিষেধাজ্ঞা দেন। বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই দুপুরে আব্দুর রহিম ওরফে ফুল চাঁন ও তার সহযোগীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতভিটায় প্রবেশ করে হামলা, ভাঙচুর, দখলের চেষ্টা ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে আবুল কাসেম (৬০), আবু তালেব (৫০) ও আবুল হোসেন (৪৫) আহত হন।

এ সময় হামলাকারীরা বসতবাড়ির দেয়াল, জানালা ও গেট ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ অবস্থায় থাকা পরিবারের সদস্যদের উদ্ধার করে।

অভিযোগে আরও বলা হয়, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে একই দিন সন্ধ্যায় অভিযুক্তদের কয়েকজন আবার বাড়িতে প্রবেশ করে একটি পাকা কক্ষের দরজা-জানালা ভেঙে নগদ ৭০ হাজার টাকা, প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার, একটি সিলিং ফ্যান, একটি খাটসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় আব্দুর রহিম ওরফে ফুল চাঁনসহ ১০ জনের নাম উল্লেখ করে গঙ্গাচড়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন মো. আবুল কাসেম (৬০)।

বর্তমানে অভিযুক্তদের ভয়ে আবুল হোসেন, আব্দুল বাতেন ও তাদের পরিবারের সদস্যরা নিজ বাড়িতে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, "অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

সর্বশেষ

জনপ্রিয়