কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি: আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় রাতের বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা রোপা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এসব এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। এ সময়ে এমন বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে, তা তাঁরা কল্পনাও করেননি।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, হঠাৎ করেই রাতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে উঠতি আমন ধান রয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়, সেই চিন্তায় আছি।
একই এলাকার আরেক আমনচাষি সামছুল হক বলেন, আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। এতে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমরা কীভাবে বাঁচব?
কাঠালবাড়ী এলাকার তালুক কালোয়া গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, তার
১৫ শতাংশ জমিতে ধান শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। নিরুপায় হয়ে পচে যাওয়ার ভয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন।
কুড়িগ্রাম কৃষি বিভাগের উপ-পরিচালক আবু ফাত্তাহ মো: রওশন কবির কে
কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে কৃষি বিভাগের নির্ভর যোগ্য সুত্র মতে, জেলায় চলতি মৌসুমে ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সেবিষয়ে পাঠ পর্যায় থেকে এখনো কোন তথ্য আসেনি।
রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র গত রাতে শিলাবৃষ্টির কথা স্বীকার করে বলেন,
এ সপ্তাহে আকাশ পরিষ্কার থাকবে। আগামি সপ্তাহে লঘু নিম্নচাপের কারণে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।