সুন্দরগঞ্জে শিলাবৃষ্টির আঘাত, মাঠে হেলে পড়েছে আধাপাকা ধান
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঝারি আকারের শিলাবৃষ্টিতে আধাপাকা আমন ধানক্ষেত হেলে পড়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। একই সঙ্গে সদ্য রোপণ করা আলুসহ রবি মৌসুমের বিভিন্ন ফসলের জমিতে পানি জমে যাওয়ায় দেখা দিয়েছে ক্ষতির শঙ্কা। তবে উপজেলা কৃষি অধিদপ্তরের দাবি, এ শিলাবৃষ্টিতে ফসলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে প্রায় এক ঘণ্টাব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে মাঝারি আকারের শিলাবৃষ্টি ও বৃষ্টি প্রবাহিত হয়। এতে বিভিন্ন এলাকার আধাপাকা আমন ধানক্ষেত হেলে পড়ে। কোথাও কোথাও পাকা ধানের শীষ ঝরে পড়েছে। আবার নিচু জমিতে বৃষ্টির পানি জমে পাকা ধানের শীষ পানিতে পড়ে রয়েছে। পাশাপাশি সদ্য রোপণ করা আলুসহ অন্যান্য রবি ফসলের জমিতেও পানি জমেছে। এতে ফসলের উৎপাদন ও গুণগত মান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় শিলাবৃষ্টির কারণে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, মাত্র ৪ হেক্টর জমির আমন ধান হেলে পড়েছে। অন্যান্য ফসলেরও তেমন ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে স্থানীয় কৃষকদের দাবি, কৃষি বিভাগের প্রাথমিক হিসাবের তুলনায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ আরও বেশি হতে পারে।
দহবন্দ ইউনিয়নের কৃষক বাবু মিয়া বলেন, শিলাবৃষ্টির কারণে অনেক জমির পাকা ধান ঝরে পড়েছে। পাশাপাশি আধাপাকা ধানগাছ হেলে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তিনি। অনেক জমিতে বৃষ্টির পানি জমে থাকায় ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, সুন্দরগঞ্জ উপজেলায় তেমন শিলাবৃষ্টি হয়নি। প্রাথমিক হিসাবে মাত্র ৪ হেক্টর জমির ধান হেলে পড়েছে। অন্যান্য ফসলের জমিতেও তেমন পানি জমেনি। তাই বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। নতুন করে বৃষ্টি না হলে ২৪ ঘণ্টার মধ্যে জমে থাকা পানি শুকিয়ে যাবে।
তবে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।