কুড়িগ্রামে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আজিজুল ইসলাম গ্রেফতার
আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামী আজিজুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। আসামীকে বুধবার (১১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম পৌর শহরের চৌধুরীপাড়া এলাকায় আসামির নিজ বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে তালিকাভূক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আজিজুল ইসলামকে গ্রেফতার করে রংপুর এসআরবি-১৩।
গ্রেফতারকৃত আজিজুল ইসলাম ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তার নামে কুড়িগ্রাম থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, মারামারিসহ ২০টি মামলা রয়েছে। আজিজুল ইসলাম কুড়িগ্রাম সদর থানাধীন এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধ জগতে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, মাদক নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
রংপুর এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, অধিনায়কের পরামর্শ ও নির্দেশনায় গ্রেফতারকৃত আসামী আজিজুল ইসলামের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য বুধবার সকালে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এসআরবি-১৩ দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।