২৭ ভাদ্র, ১৪৩৩ - ১১ সেপ্টেম্বর, ২০২৬ - 11 September, 2026

সরকার প্রতিটি স্কুল, কলেজের শিক্ষার্থীদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে......প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

110
2025-09-04 01:09:15

news-picture

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার প্রতিটি স্কুল, কলেজের শিক্ষার্থীদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসাবে সারা দেশে পর্যায়ক্রমে এক লক্ষ শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণের আওতায় একজন শিক্ষার্থী ঘরে বসে ডিজিটাল স্কিলস অর্জন করে দেশ-বিদেশে বিভিন্ন প্লাটফর্মে কাজ করতে পারবে। এছাড়াও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সরকার ভ্রাম্যমাণ ল্যাব তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি আরো বলেন, আজকের প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গিয়েছে, যেখানে নতুন প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান না থাকলে আমরা সকল ক্ষেত্রে পিছিয়ে পড়বো।

রংপুরে জুলাই যোদ্ধাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সাত দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর বিকন মোড়স্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) রংপুর আঞ্চলিক কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি ।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, রংপুর সকল বিপ্লবের সূচনাকারী হয়েও রাজনৈতিকভাবে এই অঞ্চলকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই অঞ্চলের মানুষ যাতে ডিজিটাল প্লাটফর্মে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে, এজন্য সরকার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। আশা করছি পরবর্তী সরকার এগুলো ধরে রাখবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের EDGE প্রকল্পের ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস ট্রেনিং’ কর্মসূচির আওতায় জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে তাঁরা সমাজ ও দেশের অর্থনীতির মূল স্রোতে ফিরে আসতে পারে। এর মাধ্যমে জুলাই যোদ্ধারা ডিজিটাল দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মের সুযোগ তৈরি করতে পারবেন।

সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে জুলাই যোদ্ধারা তাঁদের জীবনকে উৎসর্গ করেছেন। সরকার জুলাই যোদ্ধাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জুলাই যোদ্ধাদের ডিজিটাল স্কিলস বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। EDGE প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি রংপুর বিভাগ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (EDGE) প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. মোঃ তৈয়বুর রহমান।

উল্লেখ্য, বিসিসির ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (EDGE) প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের রংপুর আঞ্চলিক কার্যালয় এই প্রশিক্ষণ কোর্স আয়োজন করে। সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে দুই ব্যাচে রংপুর বিভাগের ৪০ জন জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেন। এই কোর্সের আওতায় বেসিক আইসিটি, MySQL ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়