গঙ্গাচড়ায় ধান মাড়াই মেশিনের আগুনে ক্ষতি প্রায় ৪০ হাজার টাকা, আহত ১
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের উজিরটারী গ্রামে ধান মাড়াইয়ের মেশিনে ঘর্ষণজনিত আগুনে খড়ের টাইমল পুড়ে ক্ষতি হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উজিরটারী গ্রামের আমজাদ হোসেনের বাড়ির খলায় মেশিনের বেল্ট বা ফিতার ঘর্ষণ থেকে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন খড়ের গাদায় লেগে বড় আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রা গঙ্গাচড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনায় ধান মাড়াইয়ের জন্য রাখা খড়ের টাইমল পুড়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় বাড়ির মালিক মো. আমজাদ হোসেন (৫০) আগুন নেভাতে গিয়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, মেশিনের অতিরিক্ত তাপ ও বেল্টের ঘর্ষণই আগুন লাগার মূল কারণ