বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে রংপুরে আলোচনা সভা, র্যালি, মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শেয়ার ফাউন্ডেশন, তিস্তা ইউনিভার্সিটি এবং সামাজিক সংগঠন বাংলার চোখের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট কারিগরি সহায়তা প্রদান করে।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।”
দিবসটি উপলক্ষে উত্তরবঙ্গের একমাত্র বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান তিস্তা ইউনিভার্সিটিতে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিক্ষা উদ্যোক্তা আশরাফুল আলম আল-আমিন, মেম্বার সেক্রেটারি লায়ন্স মৃদুল রহমান, সামাজিক সংগঠন বাংলার চোখের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাবুল এবং আয়োজক সংস্থা শেয়ার ফাউন্ডেশনের পরিচালক দেবাশীষ দাস। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও তিস্তা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে লক্ষ্য করে তামাক কোম্পানিগুলো বিভিন্ন আকর্ষণীয় প্রচারণা ও বিপণন কৌশল ব্যবহার করছে, যা তাদের আসক্তির দিকে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অন্যদিকে রংপুর প্রেসক্লাব চত্বরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রংপুরের বিশিষ্ট সমাজসেবক আলহাজ তানবীর হোসেন আশরাফী। এ সময় সাধারণ মানুষের মাঝে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বক্তারা আরও বলেন, “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”— এই প্রতিপাদ্যের মাধ্যমে তামাক কোম্পানিগুলো তরুণদের মধ্যে নিকোটিন ও তামাকের আসক্তি তৈরির জন্য যে নানা কৌশল অবলম্বন করে, তা উন্মোচন এবং এসব কৌশল মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।