৩০ ফাল্গুন, ১৪৩২ - ১৪ মার্চ, ২০২৬ - 14 March, 2026

গোবিন্দগঞ্জে ছেলেকে সম্পত্তি লিখে না দেয়ায় মা’কে পিটিয়ে আহত

1 month ago
69


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্পত্তি লিখে না দেয়ায় মা’কে পিটিয়ে আহত করেছে তার ছেলে শামীম মিয়া। এ ঘটনায় আহত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হবিবর রহমান তার স্ত্রী কবিতা বেগমের নামে কিছু জমি লিখে দেন। মায়ের নামে জমি লিখে দেয়ার পর থেকে হবিবরের ছেলে শামীম মিয়া তার বাবা-মায়ের সাথে বিভিন্ন সময় খারাপ আচরণ করাসহ ওই জমি তার নামে লিখে দেয়ার জন্য মা’কে চাপ প্রয়োগসহ নানা ধরণের হুমকি-ধামকি দেন। কিন্তু কবিতা বেগম তার ছেলের নামে জমি লিখে দিতে রাজি হচ্ছিল না। এরই এক পর্যায়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হবিবর তার স্ত্রীসহ স্থানীয় নেপার বাজারে খরচ করতে গেলে শামীম তাদের পথরোধ করে তার বাবা-মাকে বেদম মারপিট করে। এ সময় তাদের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় কবিতাকে সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

হাসপাতালে চিকিৎসাধীন কবিতা বেগম বলেন, আমার নামে থাকা সম্পত্তি লিখে না দেওয়ায় এর আগেও শামীম বেশ কয়েকবার আমাকে মারপিট করার পরেও আমি ছেলের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করিনি। কিন্তু এবার নিরুপায় হয়ে শামীমের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth