২৮ মাঘ, ১৪৩২ - ১১ ফেব্রুয়ারি, ২০২৬ - 11 February, 2026

বিপিএটিসি’র সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে বেরোবি লোকপ্রশাসন বিভাগ

8 hours ago
32


বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর লোকপ্রশাসন বিভাগ এবং ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বিপিএটিসি’র রেক্টরস কনফারেন্স রুমে এ চুক্তি সম্পাদিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বেরোবির উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এবং বিপিএটিসি’র রেক্টর সাঈদ মাহবুব খান উপস্থিত ছিলেন। চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং বিপিএটিসি’র পক্ষে পরিচালনা পর্ষদের সদস্য ও যুগ্ম সচিব ড. মোঃ মহসিন আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই এমওইউ’র আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ এবং বিশেষজ্ঞ পর্যায়ে জ্ঞান বিনিময় কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া লোকপ্রশাসন বিভাগের অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা প্রতিবছর একবার বিপিএটিসিতে ফিল্ড অ্যাটাচমেন্টের সুযোগ পাবে। এর মাধ্যমে তারা সরাসরি প্রশিক্ষণ কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আগামী পাঁচ বছরের জন্য এই সমঝোতা স্মারক কার্যকর থাকবে।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ও পেশাদার জনশক্তির কোনো বিকল্প নেই। এই সমঝোতা স্মারকের মাধ্যমে আমাদের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা দেশের শীর্ষ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবে। তিনি আরও বলেন, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব প্রশাসনিক অভিজ্ঞতা শিক্ষার্থীদের কর্মজীবনে সফল হতে অগ্রণী ভূমিকা পালন করবে। ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার এই সেতুবন্ধন উচ্চশিক্ষার মান উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে।

এ সময় লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জুবায়ের ইবনে তাহের, প্রভাষক আফজাল হোসেন শাকিল, এ এম এম মুবাশ্বির শাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth