রংপুরে অবৈধ মসলা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন: ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে ভেজালবিরোধী অভিযান চলাকালে অবৈধ মসলা কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ সময় শরিফুল ইসলাম নামে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান এই অভিযান চালায়। রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গফুর টারী এলাকায় এই অভিযানের ওই অবৈধ মসলা উৎপাদন কারখানার সন্ধান পায় ভ্রাম্যমান আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা মোঃ লোকমান হোসেন, জাতীয় ভোক্তা অধিদপ্তর রংপুরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।
প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে ওই কারখানায় গোল মরিচে ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা মিশিয়ে মসলা তৈরী করে আসছিলো। এমন তথ্য পেয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মসলা কারখানা গুড়িয়ে দেওয়াসহ অবৈধ্য মশলা গুলো মাটিতে পুতে রাখা হয়। এ সময় শরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা বলেন, অভিযানে গোল মরিচে ওজন বৃদ্ধি করার জন্য ক্ষতিকারক কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব ভেজাল উপাদান মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি করতে পারে।