২৫ ফাল্গুন, ১৪৩২ - ১০ মার্চ, ২০২৬ - 10 March, 2026

ডিমলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল ও অটোরিকশা দুর্ঘটনা, আহত কয়েকজন

4 hours ago
142


হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):

নীলফামারীর ডিমলা উপজেলায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল ও অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়ে কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৯ই মার্চ) দুপুরে উপজেলার টুনিরহাট সড়কের রুপাহারা নাউয়ার দিঘির পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পশু চিকিৎসক মানিকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টুনিরহাট সড়ক দিয়ে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেল ও অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী এবং অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রী সড়কে ছিটকে পড়ে আহত হন। দূর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পশু চিকিৎসক মানিক গুরুতর আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনাস্থলের এক স্থানীয় বাসিন্দা বলেন, পিকআপটি খুব দ্রুতগতিতে আসছিল। হঠাৎ করেই সেটি মোটরসাইকেল আর অটোরিকশাকে ধাক্কা দেয়। ধাক্কার শব্দ শুনে আমরা দৌড়ে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

আরেকজন প্রত্যক্ষদর্শী জানান,এই সড়কে প্রায়ই দ্রুতগতিতে গাড়ি চলে। অনেক সময় চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।”

এ বিষয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডিমলার টুনিরহাট সড়কে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে। সড়কের কিছু অংশ সংকীর্ণ হওয়ায় অনেক সময় যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাদের মতে, সড়কে গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ট্রাফিক তদারকি বাড়ানো এবং প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারি জোরদার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth