২ চৈত্র, ১৪৩২ - ১৬ মার্চ, ২০২৬ - 16 March, 2026

রাণীশংকৈলে ১৯ জন পেল যাকাতের ১ লক্ষ ৭৬ হাজার টাকা

1 hour ago
6


রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সরকারিভাবে ১৯ জন দুঃস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে ৯ হাজার ৩শ টাকা করে মোট ১ লাখ ৭৬ হাজার ৭শ টাকার যাকাতের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায়দের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাকাত কমিটির সদস্য সচিব ও ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ফরহাদ, কমিটির সদস্য আনিসুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আমিরুল ইসলাম ও বেলায়েত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ইউএনও খাদিজা বেগম বলেন, রমজান মাস মানবতার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষের যাকাত ও সহযোগিতার মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। সরকারও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ফরহাদ বলেন, যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। সঠিকভাবে যাকাত বিতরণের মাধ্যমে সমাজের দারিদ্র্য দূর করা সম্ভব। তাই সমাজের বিত্তবান মানুষকে যাকাতের অর্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth