ঘোড়াঘাটে ট্রাকচাপায় ভ্যান চালক নিহত
ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাট মহাসড়কের ওপর থাকা উঁচু ঢিবিতে ধাক্কা লেগে ভ্যান উল্টে ট্রাকচাপায় বাবলু মিয়া (৫০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঘোড়াঘাট পৌরশহরের নিতাইশা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি মাঠপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় ভ্যানে থাকা হারুনুর রশিদ (৪২) নামের এক যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি ঘোড়াঘাটের ওসমানপুর বাজারে আসে। কাজ শেষে ফেরার পথে নিতাইশা মোড় এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর থাকা একটি উঁচু ঢিবির ওপর ভ্যানটির সামনের চাকা উঠে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক বাবলু মিয়া সড়কের ডান পাশে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই বাবলু মিয়ার মৃত্যু হয়।
আহত যাত্রী হারুনুর রশিদ জানান, ভ্যানটি উল্টে যাওয়ার সময় তিনি বাম পাশে ছিটকে পড়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে ট্রাকটি এতই দ্রুত ছিল যে চালক সামলে ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়।
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "নিহত ভ্যানচালকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করার জন্য আমরা কাজ করছি। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"
মহাসড়কের ওই স্থানে থাকা ঢিবিটি দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে স্থানীয়রা অভিযোগ করেছেন। বর্তমানে পুলিশ মরদেহটি হেফাজতে রেখেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।