জরাজীর্ণ ভবনে চলছে রাজারহাট সেটেলমেন্ট অফিসের কার্যক্রম, বৃষ্টিতে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ নথিপত্র
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাটে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সেটেলমেন্ট অফিসের কার্যক্রম। দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় থাকা ভবনটির ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই অফিস কক্ষ ও স্টোর রুমে পানি প্রবেশ করছে। এতে প্রয়োজনীয় সরকারি নথিপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অফিস সূত্রে জানা যায়, ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং ছাদের একাধিক অংশ দিয়ে পানি চুঁইয়ে পড়ছে। বিশেষ করে স্টোর রুমে সংরক্ষিত ভূমি সংক্রান্ত
গুরুত্বপূর্ণ রেকর্ড, মানচিত্র ও অন্যান্য কাগজপত্র বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাজারহাট উপজেলা ভারপ্রাপ্ত পেশকার মো. ইব্রাহিম মিয়া বলেন, দীর্ঘদিন ধরে ভবনটির সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে মূল্যবান সরকারি নথিপত্রের অপূরণীয় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।