২ ভাদ্র, ১৪৩৩ - ১৭ আগস্ট, ২০২৬ - 17 August, 2026

বদরগঞ্জে বসতবাড়ির ঘর ভেঙ্গে লুটপাট থানায় মামলা

10
2026-08-17 16:59:56

news-picture

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও বড়ভাইয়ের নেতৃত্বে ছোটভাইয়ের বসত বাড়িতে ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালিয়ে দু’টি ঘর ভাঙ্গার পাশাপাশি ব্যাপক লুটপাট করেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এঘটনায় থানায় মামলা হলেও আসামিরা আদালত থেকে জামিন নিয়েই বাদীসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ফলে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বাদীর পরিবারটি। ঘটনাটি ঘটেছে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব ঝাড়ায়।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব ঝাড়পাড়ার বাসিন্দা আফতাব হোসেনের চার ছেলে। এরা হলেন- আবুল হোসেন, আব্দুল মজিদ, শামসুল হক ও আনিছুল হক। ১৯৯৬ সালে বাবার মৃত্যু হলে ছেলেরা ৮৬শতক জমিতে যে যার সুবিধামতো বাড়িঘর তুলে বসবাস করতে থাকেন। এ অবস্থায় আব্দুল মজিদ হঠাৎ করেই শামসুল হকের বসতবাড়ির একটি অংশ নিজের দাবী করে বসেন। এনিয়ে এলাকাসহ বিভিন্ন জায়গায় দফায় দফায় সালিশ বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। তারপরও আব্দুল মজিদ ও তার পরিবারের সদস্যরা বেশ ক’বার শামসুল হকের বাড়ি জবরদখলের চেষ্টা করেন। এঘটনায় উভয় পক্ষ আদালতে একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। যা এখনো চলমান রয়েছে। এরপরও আব্দুল মজিদ ও তার পরিবারের সদস্যরা ক্ষান্ত হননি তারা প্রতিনিয়ত শামসুল হকের বাড়ি জবর দখলের চেষ্টা চালিয়ে যেতে থাকেন। এরই অংশ হিসেবে ৪ আগস্ট সকালে আব্দুল মজিদের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা দু’টি ঘর ভাঙ্গার পাশাপাশি ঘরে থাকা বিভিন্ন ফসল লুট করে নিয়ে যায়। এর ফলে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়। এসময় বাধা দিতে গেলে শামসুল হক ও তার পরিবারের সদস্যরা সন্ত্রাসী কর্তৃক মারধরের শিকার হন। এঘটনায় শামসুল হকের ছেলে সাইদার রহমান ২১ জনের নাম উল্লেখ করে ও ৫০-৬০ জনকে অজ্ঞাত দেখিয়ে বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন। তবে তারা জামিনে এসেই আবারো শামসুল হকের আরেকটি ঘর ভেঙ্গে ফেলার পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। মামলার বাদী সাইদার রহমান জানিয়েছেন, পরিবারের সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। কিন্তু কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

এদিকে বদরগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ওসি হাসান জাহিদ সরকার বলেন, দীর্ঘদিন ধরেই ওই দু’পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে থানাসহ আদালতে একাধিক মামলা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামিরা জামিন নিয়ে বাদীকে হুমকি দিচ্ছেন বিষয়টি জানা নেই। আর পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি এটি পুরোপুরি মিথ্যা।

অপরদিকে আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ

জনপ্রিয়