তিস্তার সেচ ক্যানেলে পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু
মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):
নীলফামারীর ডিমলায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে খালা ভাগ্নির মৃত্যু হয়েছে। ১৭ আগস্ট (সোমবার) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকায় হৃদয় বিদারক এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকায় এলাকার আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার (১২) ও নাউতারা ইউনিয়নের নাউতারা নিজপাড়া এলাকায় সেলিমুর রহমানের মেয়ে সিনহা (৪)। তারা উভয়ে সম্পর্কে আপন খালা ও ভাগ্নি। স্থানীয় সুত্রে জানা যায়, তিস্তা সেচ ক্যানেলের পাশে কয়েকজন শিশুসহ সিনহা খেলছিল। একপর্যায়ে হঠাৎ শিশু সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। সিনহাকে উদ্ধারের জন্য তার আপন খালা পাখি পানিতে নামলে সেও পানিতে ডুবে যায়। এসময় ক্যানেলের ধারে থাকা অন্যান্য শিশুরা শোরচিৎকার শুরু করলে এলাকার স্থানীয় লোকজন ক্যানেলের পাড়ে ছুটে এসে দুজনকে মৃত উদ্ধার করেন। এ বিষয়ে নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি জানান, ক্যানেলের পানিতে ডুবে আপন খালা ভাগ্নি নিহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন এবং আরো বলেন জায়গাটি ঝুকিপুর্ণ ও দূর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ দিকে তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে আপন খালা ও ভাগ্নি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।