৯ আশ্বিন, ১৪৩৩ - ২৪ সেপ্টেম্বর, ২০২৬ - 24 September, 2026

কৃষিপণ্য সরবরাহকারীদের ব্যবসা সহজ করতে আইফার্মারের ‘সাপ্লায়ার কানেক্ট’

23
2026-09-24 19:42:24

news-picture

নিজস্ব প্রতিবেদক:

কৃষি পণ্য সরবরাকারীদের ব্যবসা সহজ করতে রংপুরে যাত্রা শুরু করেছে আইফার্মার এর নতুন মোবাইল অ্যাপ নির্ভর প্ল্যাটফর্ম ‘সাপ্লায়ার কানেক্ট’।

বুধবার শহরের আরডিএস গেস্ট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরে আইফার্মার উন্মোচন করেছে তাদের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সাপ্লায়ার কানেক্ট’।

মোবাইল অ্যাপনির্ভর এই প্ল্যাটফর্মে সরবরাহকারীরা এখন এক জায়গা থেকেই দেখতে পারবেন ক্রেতাদের চাহিদা কী, নিজেদের হাতে থাকা পণ্য ও সরবরাহ ক্ষমতা তুলে ধরতে পারবেন, অর্ডার নিতে পারবেন এবং সরবরাহ থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত পুরো প্রক্রিয়া নজরে রাখতে পারবেন।

সরবরাহকারীরা পণ্যের সঠিক দাম, মজুত থাকা স্টকের পরিমাণ এবং পণ্যের মান সরাসরি আইফার্মার টিমের কাছে জমা দিতে পারবেন। আগে যা করতে হতো ফোনে বা কাগজে-কলমে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,রংপুরের  জন্য এই উদ্যোগের গুরুত্ব আলাদা। উত্তরবঙ্গের অন্যতম বড় কৃষিপণ্য উৎপাদন ও সরবরাহ কেন্দ্র হিসেবে পরিচিত এই জেলার ছোট-মাঝারি সরবরাহকারীরা প্রায়ই বাজারের প্রকৃত চাহিদা বুঝতে না পেরে বা যোগাযোগের ঘাটতিতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। অ্যাপটি চালু হলে তারা সরাসরি কৃষিভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্রেতার চাহিদা দেখে সিদ্ধান্ত নিতে পারবেন, দরকষাকষিতে সময় বাঁচবে আর ভুল বোঝাবুঝি কমবে।

তারা বলছেন, প্ল্যাটফর্মটির আরেকটি বড় দিক হলো একটি ডিজিটাল ব্যবসায়িক পরিচয় তৈরি হওয়া। অর্ডার, লেনদেন ও সরবরাহের ইতিহাস জমা হতে হতে সময়ের সঙ্গে গড়ে উঠবে একটি নির্ভরযোগ্য রেকর্ড, যা ভবিষ্যতে নতুন ব্যবসায়িক সুযোগ বা সম্ভাব্য অর্থায়ন পেতে সহায়ক হতে পারে; যদিও তা নির্ভর করবে সংশ্লিষ্ট অংশীদারদের মূল্যায়ন ও শর্তের ওপর।

আইফার্মার কর্তৃপক্ষের ভাষ্যে, ‘সাপ্লায়ার কানেক্ট’-এর মূল লক্ষ্য সরবরাহকারীদের কার্যক্রমকে স্বচ্ছ ও সম্প্রসারণযোগ্য করা এবং সাপ্লাইয়ার এবং  কৃষিভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো মধ্যে একটি ডিজিটাল সংযোগ গড়ে তোলা। রংপুরের কৃষি অর্থনীতির জন্য এটি হতে পারে ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

সর্বশেষ

জনপ্রিয়