প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে কিশোরগঞ্জে কর্মশালা
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে করণীয় নির্ধারণের লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ এবং শিক্ষক ফজল কাদির, আলী আকবর ও হোদায়েত হোসেন প্রমুখ।
কর্মশালায় প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
এতে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতিরা অংশগ্রহণ করেন।