১৭ কার্তিক, ১৪৩৩ - ০১ নভেম্বর, ২০২৬ - 01 November, 2026

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা  মামলায় কুড়িগ্রামের উলিপুরে গ্রেফতার ১ জন

7
2026-11-01 16:49:38

news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ নাসরিন জাহানকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় আসামি মো. দুলাল (৩৫)-কে গ্রেফতার করেছে এসআরবি-১৩। রংপর এসআরবি'র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার আসামীকে উলিপুর থানা পুলিশের মাধ্যমে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ৮টা ৪০ মিনিটে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলাল উলিপুর থানার কবির মাহমুদ গ্রামের মৃত পাগলার পুত্র।

এসআরবি-১৩-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নাসরিন জাহানের সঙ্গে প্রধান অভিযুক্ত আলমগীরের তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলমগীরের পরিবার ৭০ হাজার টাকা যৌতুকের জন্য নাসরিনের পরিবারকে চাপ দিয়ে আসছিল। নাসরিনের পিতা এর আগে ২৫ হাজার টাকা যৌতুক দিলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য নাসরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

গত ২৮ অক্টোবর যৌতুকের টাকা কবে দিবে জানতে চেয়ে ভুক্তভোগী তার পিতাকে ফোন দিলে বাদী নুর ইসলাম ধান কেটে টাকা দিবেন বলে জানান। এতে আসামী দুলাল ক্ষুব্ধ হয়। টাকার লোভে বেপরোয়া হয়ে উঠে। এক পর্যায়ে নাসরিন জাহানকে নির্যাতন করে হত্যা করে।

গত ২৯ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে নুর ইসলাম সংবাদ পান, তার মেয়ে মারা গেছে। সংবাদ পেয়ে ভুক্তভোগীর পরিবার ঘটনাস্থল উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় অভিযুক্ত আলমগীরের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা মেয়ের দেহ, পিঠ, গলা ও হাতে মারপিটের আঘাতের চিহ্ন দেখতে পায়। এই ঘটনায় একই তারিখে ভুক্তভোগীর পিতা নুর ইসলাম বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩১)।

মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে এসআরবি -১৩, রংপুর গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি -১৩, রংপুরের একটি অভিযানিক দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মো. দুলালকে গ্রেফতার করে।

 

রোববার গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উলিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়