২৪ কার্তিক, ১৪৩৩ - ০৮ নভেম্বর, ২০২৬ - 08 November, 2026

গঙ্গাচড়ায় র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালন

25
2026-11-08 21:01:25

news-picture

নিজস্ব প্রতিবেদক:

সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের গুরুত্ব তুলে ধরে রংপুরের গঙ্গাচড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ নায়েবুজ্জামান এবং সেক্রেটারি সাইফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জেসমিন আক্তার বলেন, সমবায় হচ্ছে সম্মিলিতভাবে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি অন্যের জীবনমান পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম। সমবায় সমিতির মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করে অন্যদের আয়ের সুযোগ তৈরি করা সম্ভব। এককভাবে যে কাজ কঠিন, সম্মিলিত প্রচেষ্টায় তা সহজ হয়ে ওঠে। এ জন্য সঞ্চয়, সততা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সমবায় আন্দোলন শক্তিশালী হলে পরিবার, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়