বদরগঞ্জে প্যানেল চেয়ারম্যানের ওপর হামলা, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহফুজার রহমানের ওপর হামলা, মারধর, প্রাণনাশের হুমকি, নগদ টাকা ছিনতাই এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩৬) সহ ৭ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যান।
অভিযোগ সূত্রে জানা যায়, আসাদুজ্জামান তাঁর মায়ের বয়স্ক ভাতার বিষয়ে কয়েকজন লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদে আসেন। এ সময় পরিষদে উপস্থিত ইউপি সদস্যদের সামনেই প্যানেল চেয়ারম্যান মাহফুজার রহমানের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পরিষদ থেকে বাড়ি ফেরার পথে আসাদুজ্জামান ও তাঁর লোকজন পথরোধ করে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
প্যানেল চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, পরিষদ থেকে বাড়ি ফেরার পথে আসাদুজ্জামান ও তাঁর লোকজন আমাকে আটক করে বেধড়ক মারধর করেন। এতে আমি গুরুতর আহত হয়েছি। আমার একটি চোখে আঘাত লেগেছে এবং একটি হাত ভেঙে গেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছি।
তিনি আরও করেন, সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এ সময় তাঁর পকেটে থাকা ৪২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সহযোগিতায় তাঁকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা এর আগেও তাঁকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করে আসছিলেন। ঘটনার পরও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগী।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান মাহফুজার রহমান।
এ বিষয় অভিযুক্তদের যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায়নি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানান, থানায় লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তদন্ত করা হচ্ছে।