১৩ আষাঢ়, ১৪৩৩ - ২৭ জুন, ২০২৬ - 27 June, 2026

ভাঙনকবলিত মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধ পরিদর্শনে এমপি রায়হান সিরাজী

10
2026-06-27 22:11:55

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত সেতু রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন রংপুর ১ আসনের  সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। শনিবার বিকেলে তিনি ভাঙনকবলিত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগ ও দাবির বিষয়গুলো শোনেন।

পরিদর্শনকালে এমপি রায়হান সিরাজী তিস্তা নদীর তীব্র স্রোতের কারণে বাঁধের বিভিন্ন স্থানে সৃষ্ট ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

তিনি বলেন, “মহিপুর তিস্তা সেতু এ অঞ্চলের মানুষের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতু ও সংযোগ সড়ক সুরক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

এমপি আরও বলেন, ভাঙনরোধে শুধু তাৎক্ষণিক ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাও প্রয়োজন। এজন্য তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ নায়েবুজ্জামান, সেক্রেটারি সাইফুল ইসলাম, লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লা আল হাদীসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি এবং অব্যাহত ভাঙনের কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসীর দাবি, সেতু ও আশপাশের জনপদকে রক্ষায় দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়