তারাগঞ্জ উপজেলা চত্বর- বাজারসড়ক বৃষ্টি হলেই হাঁটু পানি
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
সামান্য একটু বৃষ্টি হলেই রংপুরের তারাগঞ্জ উপজেলার জনগুরু¦পূর্ণ তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বর- বাজার সড়কে হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছে পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। পানিতে ডুবে থাকা সড়কের গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ওই সড়কের দুই পাশে কোন প্রকার জায়গা না রেখে বাসা-বাড়ি করায় সড়কের পানি নিস্কাশনের ব্যবস্থা না থ্কাায় সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে ডুবে থাকে। শুধু তাই নয়, বৃষ্টি শেষ হওয়ার পরও দীর্ঘ সময় এই জনগুরুত্বপূর্ণ সড়কটিতে পানি জমে থাকতে দেখা যায়। তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী শ্যামল চন্দ্র রায় বলেন, তারাগঞ্জ উপজেলা সবচেয়ে জনগুরুত্বপূর্ণ সড়কটি প্রায় সামাণ্য বৃষ্টিতে পানি জমে থাকছে। এই সড়কটি দিয়ে চলাচলের ভোগান্তির শেষ নেই। আদা ব্যবসায়ী অহিদুল ইসলাম বলেন, প্রতিদিন এই সড়কটি দিয়ে তারাগঞ্জ বাজারে যেতে হয় এবং বাড়িতে ফিরতে হয়। ভ্যানে করে যখন যাতায়ত করি তখন সড়কে জমানো পানি ছিটকে পরিধানের সব কাপড় নষ্ট হয়ে যায়। এ ফলে দারুণ বিড়ম্বনায় পড়তে হয়। শিক্ষার্থী রুবেল ইসলাম, ফারহানা খাতুন, পল্ববী রায় জানায়, সড়কে পানি জমে থাকার কারনে বিদ্যালয়ে আসতে ও যাওয়ার সময় জুতা হাতে করে নিয়ে ময়লা পানি পার হতে হয়। ব্যবসায়ী অর্পন দত্ত বলেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই সড়কে পানি জমে থাকে। কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার জানান, সড়কের পানি নিস্কাশনের জন্য দুই বছর পূর্বে প্লাষ্টিকের পাইপ বসানো হয়েছিলো। কিন্তু সেটি বন্ধ হয়েগেছে। ড্রেনেজ ব্যবস্থার জন্য উপজেলা পরিষদের সভায় একাধিকবার জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী নাফিউর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমি নতুন এসেছি। সড়কের জলাবদ্ধতার বিষয়টি দেখা হবে।