কাটাখালি নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩টি বিদ্যুতের খুঁটি নদীতে, এক সপ্তাহেও চালু হয়নি বিদ্যুৎ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি নদীর সাপগছি-হাতিয়াদহ এলাকায় নদী থেকে গভীরভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তিনটি খুঁটি নদীতে পড়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
জানা গেছে, খুঁটিগুলো নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে দ্রুত ওই সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।
তবে খুঁটিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার এক সপ্তাহ পার হলেও এখনো সঞ্চালন লাইনটি মেরামত করা হয়নি। ফলে রবিবার (৯ আগস্ট) পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে গভীর করে মাটি ও বালু উত্তোলনের কারণেই নদীর তীর ভেঙে বিদ্যুতের খুঁটিগুলো নদীতে পড়ে যায়।
তারা দ্রুত ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ পুনঃচালুর পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।