২৫ শ্রাবণ, ১৪৩৩ - ০৯ আগস্ট, ২০২৬ - 09 August, 2026

গঙ্গাচড়ায় ৪ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ, বিতরণ করা হলো গাছের চারা

20
2026-08-09 19:59:33

news-picture

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রংপুরের গঙ্গাচড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় প্রায় চার কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপজেলা যুব ফোরাম ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) কোলকোন্দ ইউনিয়নের মাজারের পাড় এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন দপ্তর, গঙ্গাচড়ার যৌথ আয়োজনে এবং গঙ্গাচড়া এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে কোলকোন্দ ইউনিয়নের মাজারের পাড় থেকে গোরিংবাদ পর্যন্ত পাকা সড়কের দুই পাশে প্রায় চার কিলোমিটার এলাকায় গাছের চারা রোপণ করেন অতিথি ও অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার  জেসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান এবং গঙ্গাচড়া এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় যুব সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আলোচনা শেষে উপজেলা যুব ফোরাম ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পরে নির্ধারিত সড়কের দুই পাশে চারা রোপণ করা হয়।

এ সময় কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম, যুব ফোরামের সভাপতি নাজিরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, যুব ফোরাম ও সমবায় সমিতির সদস্যসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়