খানসামায় ভিক্ষুক পুনর্বাসনে ব্ল্যাক বেঙ্গল ছাগল ও অনুদান প্রদান
মোঃ বুলবুল ইসলাম, খানসামা (দিনাজপুর):
"দিনাজপুরের খানসামা উপজেলা ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নাধীন কর্মসূচির আওতায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদান সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে উপজেলার ১৩ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৪ জন ভিক্ষুককে প্রত্যেককে ৫টি করে ব্ল্যাক বেঙ্গল ছাগল দেওয়া হয়। এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসনে বরাদ্দকৃত নগদ অর্থ গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, পিআইও জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।