৩০ বৈশাখ, ১৪৩৩ - ১৩ মে, ২০২৬ - 13 May, 2026

রংপুরে নিখোঁজের ৪ দিন পরেও উদ্ধার হয়নি স্ত্রী ও শিশু, পরিবারে শোকের ছায়া

2
2026-05-12 16:49:53

news-picture

আব্দুল্লাহ আল আমিনঃ

গত ৯ মে সকালে ৭ মাসের শিশু ছেলে সাফোয়ানকে নিয়ে ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সুমাইয়া আক্তার বন্যা (২১) । স্বামী নয়ন মিয়াসহ পরিবারের লোকজন তাদের খুজে না পেয়ে দিশেহারা। আইনের আশ্রয় নিলেও নিখোঁজ শিশুসহ সুমাইয়া উদ্ধার হয় নি ৪ দিন। উদ্ধার না হওয়ায় অনাহারে থেকে খুজছেন পরিবারের লোকজন, সকলের একটাই কথা ৭ মাসের শিশু সাফোয়ান কেমন আছে, কিভাবে আছে। সকলের সহযোগীতা কামনা করছেন পরিবারের লোকজন।

জানা যায়, রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ৩০ নং ওয়ার্ডস্থ পূর্ব খাসবাগ গ্রামের রবিউল ইসলাম ও  নুর নাহারের ছেলে মোঃ নয়ন মিয়ার স্ত্রী মোছাঃ সুমাইয়া আক্তার বন্যা ও ৭ মাস বয়সের ছেলে সন্তান সাফোয়ান গত ০ মে/২০২৬ ইং তারিখ সকালে নয়ন মিয়ার অনুপুস্থিতিতে শিশু সন্তানকে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ী হইতে বাহির হয়, তারপর হতেই খোঁজ মিলছেনা তাদের। এরই মধ্যে নয়নসহ পরিবারের লোকজন নিকটাত্মীয়দের বাড়ি, শ্বশুরবাড়ি সহ সম্ভাব্য সকল স্থানে বন্যাসহ শিশু সন্তানের সন্ধান করিতে থাকে, কিন্তু কোথাও তাদের দেখা নাই। তাদের খোঁজ না পেয়ে রংপুর মেট্রো কোতয়ালী থানায় একটি অভিযোগ করেন নয়ন মিয়া। তার পরও খোঁজ মিলছে না স্ত্রী ও সন্তানের। তাদের খোঁজে অসুস্থ হয়ে পড়ছেন পরিবারের লোকজন বিশেষ করে শিশু বাচ্চা সাফোয়ানের জন্য কাঁদছেন সকলে।

এ ঘটনায় জানতে চাইলে নয়ন মিয়া বলেন, আমি ৯ মে সকালে কাজে ব্যাস্ত ছিলাম সে সময় আমার স্ত্রী বন্যা আমাকে ফোন দিয়ে বলে আমার শিশু বাচ্চা সাফোয়ানের জ্বর এসেছে ডাক্তার দেখাতে হবে। আমি বলি তোমরা রেডি থাকো আমি এসে নিয়ে যাবো। পরে বাসায় ফিরে জানতে পারি আমার মাকে বলে বাসা থেকে বেড়িয়েছে যে আমি সাতমাথায় আছি বাবুকে নিয়ে যাচ্ছি সেখানে ডাক্তার দেখাবে। সেই বের হয়ে গেছে আজ পর্যন্ত তাদের খোঁজ নেই। না জানি আমার বাবুটা কেমন আছে, বাবুটার কথা মনে পড়লেই বুকটা ফেটে যাচ্ছে। পরে শ্বশুরবাড়ি সহ আশপাশে খবর নেই কিন্তু কোনো ফল পাচ্ছি না। প্রশাসন সহ সকলের কাছে আমার একটাই অনুরোধ আমার শিশু সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন। সকলেই আমাকে সাহায্য করুন।

বন্যার বাবা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ভুল্লার হাট গ্রামের বাসিন্দা গনি মিয়া বলেন, তিন বছর হলো আমার মেয়ের বিয়ে হয়েছে নয়ন মিয়ার সাথে। তাদের সংসার ভালোই চলছিলো। হঠাৎ আমার জামাইয়ের পরিবার থেকে জানানো হলো আমার মেয়ে ও নাতিকে খুজে পাওয়া যাচ্ছে না। আমাদের জানা মতো পরিচিত সকলের সাথে যোগাযোগ করে তাদের সন্ধান না পেয়ে এখন জামাইয়ের বাসায় অবস্থান করছি। খোঁজ না পাওয়ায় আমরা অসহায় হয়ে আছি না জানি আমার নাতিটা কেমনে আছে। এখন আমরা পরিবারসহ জামাইয়ের বাসায় অবস্থান করছি ও চেষ্টা করছি সকলে মিলে। সকলে সহযোগীতা করলে আমরা অবশ্যই আমার মেয়ে ও নাতিকে ফেরত পাবো।

বন্যার ভগ্নীপতি আশরাফুল বলেন, আমি আমার শ্বশুর-শাশুড়ির সাথে বন্যার খোঁজে রংপুর এসেছি আমার ভায়রা নয়নসহ বিভিন্ন যায়গা ও প্রশাসনের দুয়ারে ঘুরছি কিন্তু কোনো হদিস পাচ্ছিনা বন্যা ও বাবুর। না জানি বাবুটা কেমনে রয়েছে। সকলের সহযোগীতা কামনা করছি।

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই আতিকুর রহমান বলেন, আমি অভিযোগের কাগজ আজ পেয়েছি। বাদি নয়নের সাথে কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে।

কোতয়ালী মেট্রোপলিটন থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়