৩০ বৈশাখ, ১৪৩৩ - ১৩ মে, ২০২৬ - 13 May, 2026

বজ্রপাতে ক্ষতিগ্রস্ত আলালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

118
2026-05-13 19:26:54

news-picture

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের আলালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় বিদ্যালয়ের বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল আনুমানিক ১২টার দিকে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বজ্রপাতের আঘাতে বিদ্যালয়ের সিসি ক্যামেরা, বৈদ্যুতিক লাইনসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম এবং জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বিকট শব্দের সঙ্গে ধোঁয়া ও আগুনের ঝলক দেখা দিলে পুরো বিদ্যালয় মুহূর্তেই অন্ধকার হয়ে যায়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম বলেন,

“হঠাৎ বিকট শব্দের সঙ্গে বজ্রপাত হলে বিদ্যালয়ের ভেতরে ধোঁয়া ও আগুনের মতো পরিস্থিতি তৈরি হয়। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে দেখা যায়, সিসি ক্যামেরাসহ বৈদ্যুতিক সংযোগের বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ঘটনার পর বিদ্যালয়টি পরিদর্শন করেন সহকারী শিক্ষা অফিসার মোঃ মোজাহিদুজ্জামান। তিনি বলেন,

“বজ্রপাতের ঘটনায় বিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

উপজেলা শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ বলেন,

“বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় আমরা খোঁজখবর নিয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা ও করণীয় বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ

জনপ্রিয়