২৫ শ্রাবণ, ১৪৩৩ - ১০ আগস্ট, ২০২৬ - 10 August, 2026

চুরির সময় কৃষককে নির্মমভাবে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

118
2026-07-13 17:14:08

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরির সময় মফিজার রহমান নামের এক কৃষককে নির্মমভাবে হত্যার ঘটনায় তদন্তেপ্রাপ্ত একজন আসামিকে ১২ জুলাই রাতে বগুড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামি বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন জানগ্রামের দুলা মিয়ার ছেলে মোঃ রশিদ মিয়া (৪২)।

এজাহার ও র‌্যাব সূত্রে জানা যায় যে, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমানের জমিতে বিএডিসির গভীর নলকূপ বসানো আছে। ইরি মৌসুমের সেচ দেওয়া শেষ হওয়ায় প্রতিদিনের মতো রাতে নিজের সেচঘরে বিএডিসি’র সেচ ট্রান্সফর্মার পাহারা দিতেন। গত ৭ মে, ২০২৬  সকালে ভিকটিমের প্রতিবেশী শহিদুল ইসলাম মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের পরিবারকে ট্রান্সফর্মার চুরির বিষয়টি জানায়। ভিকটিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে সেচঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান এবং ওই সেচঘর থেকে কৃষক মফিজারের হাত পা বাঁধা রক্তাক্ত ও নিথর মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরি করার সময় কৃষক মফিজার রহমান বাধা দিলে তাকে হত্যা করে ট্রান্সফর্মার চুরি করে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় নিহত কৃষক মফিজার রহমানের ভাই মনুয়ার হোসেন ৭ মে/২৬ রংপুরের পীরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাবলে র‌্যাব ১২ জুলাই রাতে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন বুড়িগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার পীরগঞ্জ থানার কৃষককে হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোঃ রশিদ মিয়া (৪২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক  অতিরিক্ত পুলিশ সুপার  বিপ্লব কুমার গোস্বামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়