১২ অগ্রহায়ণ, ১৪৩৩ - ২৬ নভেম্বর, ২০২৬ - 26 November, 2026

গঙ্গাচড়ায় এমপির বক্তব্যের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

20
2026-11-26 22:51:01

news-picture

নিজস্ব প্রতিবেদক:

‘আমাকে ছাড়া কোনো উন্নয়ন কাজের উদ্বোধন হবে না’—রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি। বক্তব্যটিকে গণতন্ত্রবিরোধী ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আট টায় গঙ্গাচড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী। তিনি বলেন, গত বুধবার (২৫ নভেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী বরাদ্দকৃত রাস্তা, ভবনসহ কোনো উন্নয়নকাজ তাঁর উপস্থিতি ছাড়া উদ্বোধন করা যাবে না বলে মন্তব্য করেন। একজন বিরোধী দলীয় সংসদ সদস্যের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। এটি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং ফ্যাসিবাদী আচরণের প্রতিফলন।

আইয়ুব আলী আরও বলেন, সংসদ সদস্যের এমন বক্তব্যে শুধু উপজেলা বিএনপি নয়, উপজেলার সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার সমতার ভিত্তিতে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন বরাদ্দ দিচ্ছে। সরকারি নীতিমালা অনুসরণ করে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন হবে। উদ্বোধন ও তদারকিতে সরকারি কর্মকর্তা, সরকারি ও বিরোধী দলের জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণ করাই স্বাভাবিক।

তিনি বলেন, সরকারি বরাদ্দকে কোনো ব্যক্তি বা দলের নিজস্ব অর্থায়নের উন্নয়ন হিসেবে উপস্থাপনের সুযোগ নেই। সংসদ সদস্যের ডিও লেটারের মাধ্যমে বরাদ্দ এলেও সেটি সরকারেরই উন্নয়ন উদ্যোগ। এ ছাড়া এলাকার উন্নয়নে সরকারের মন্ত্রী ও সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। তাঁদের উপেক্ষা না করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা প্রয়োজন।

লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, এখন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। জুলাই বিপ্লবের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে জনপ্রতিনিধিদের বক্তব্য দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া হলে রাজনৈতিকভাবে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়