৩০ আষাঢ়, ১৪৩৩ - ১৪ জুলাই, ২০২৬ - 14 July, 2026

রাজারহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২; আটক ১১

8
2026-07-14 21:29:58

news-picture

প্রহলাদ মন্ডল সৈকত,রাজারহাট (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নে বিরোধপূর্ণ একটি সড়ককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিন্নাত আলী (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ১১ জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। এ সময় প্রতিপক্ষের লোকজন নিজেদের রক্ষা করতে এলাকায় আরও একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয়দের সহযোগিতায় গ্রামের একটি রেকর্ডভুক্ত বেদখল সড়ক উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। মঙ্গলবার(১৪জুলাই) ওই সড়কে মাটি কাটার কাজ শুরু হলে জয়নাল মিয়া ও তাঁর লোকজন সেখানে যান। এ সময় আব্দুর সাত্তারের ছেলে জিন্নাত আলী (৪০) কাজে বাধা দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

একপর্যায়ে জয়নাল মিয়ার ছেলে লিমন (৩০) ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে জিন্নাত আলীর ওপর হামলা চালায়। হামলার সময় জিন্নাত আলী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। সংঘর্ষে জয়নাল মিয়া (৫৫) ও তাঁর ছেলে নয়ন আলী (২৫) আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জিন্নাত আলীর মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অপর আহত জয়নাল মিয়া ও নয়ন আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর প্রতিশোধমূলক সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন ও পুলিশ এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, "ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ পর্যন্ত ১১ জনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।"

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়