১৫ ভাদ্র, ১৪৩৩ - ৩০ আগস্ট, ২০২৬ - 30 August, 2026

গঙ্গাচড়ায় অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ জমি বিরোধের জেরে হত্যার অভিযোগ স্বজনদের

134
2026-08-29 21:01:30

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় মোখলেছুর রহমান (৫৫) নামে এক অটোচালকের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকায় একটি বাড়ির সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাঁর অটোরিকশাটিও পাওয়া যায়নি। এ কারণে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে নিহতের স্ত্রী, ভাই ও স্বজনদের দাবি, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হতে পারে।

নিহত মোখলেছুর রহমান উপজেলার সদর ইউনিয়নের নবনীদাস এলাকার বাসিন্দা। তিনি মৃত হামিদুর রহমানের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে খাওয়া-দাওয়া শেষে নিজের অটোরিকশা নিয়ে বের হন মোখলেছুর রহমান। রাত ১০টার দিকে কাউয়াফান্দা এলাকার একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পথচারী গাড়ির লাইটের আলোয় একটি বাড়ির সামনে একজনকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তিনি ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোখলেছুর রহমানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। শরীরের বিভিন্ন স্থানে রক্ত থাকায় প্রথমে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর রাত প্রায় ২টার দিকে লাশ থানায় নেওয়া হয়। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে নিহতের অটোরিকশাটি পাওয়া যায়নি। অটোরিকশাটি কোথায় রয়েছে, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে অটোরিকশা ছিনতাইয়ের বিষয়টি তদন্তে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

নিহতের স্ত্রী, ভাই ও স্বজনদের অভিযোগ, জমিজমা নিয়ে মোখলেছুর রহমান ও তাঁর ভাইদের সঙ্গে একটি প্রভাবশালী পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় তাঁদের হুমকি-ধামকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি স্বজনদের। তাঁদের ধারণা, ওই বিরোধ ও পূর্বশত্রুতার জেরেই মোখলেছুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অটো ছিনতাইয়ের কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে—এমন প্রাথমিক ধারণার কথা জানিয়ে ওসি বলেন, “জমিজমা নিয়ে বিরোধসহ সব বিষয়ই আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

সর্বশেষ

জনপ্রিয়