১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ - ২৯ নভেম্বর, ২০২৬ - 29 November, 2026

গঙ্গাচড়ায় পুকুরে বিষ প্রয়োগের সন্দেহ, দেড় একর জলাশয়ের মাছ মরে সাবাড়

163
2026-11-28 20:49:11

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় দেড় একর আয়তনের একটি পুকুরের অসংখ্য মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাছচাষি শহিদুল ইসলাম (৬০)।

উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা এলাকায় শনিবার (২৮ নভেম্বর) সকালে  এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মাছচাষি শহিদুল ইসলাম ওই এলাকার মৃত আবু বক্করের ছেলে।

শহিদুল ইসলাম জানান, প্রায় ১৫ বছর ধরে তিনি ওই পুকুরে মাছ চাষ করে আসছেন। শুক্রবার দিবাগত রাতে যে কোনো সময় অজ্ঞাত ব্যক্তিরা পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করেছে বলে তাঁর সন্দেহ। পরদিন সকালে পুকুরে গিয়ে পানির ওপর অসংখ্য মরা মাছ ভাসতে দেখেন। পরে জাল দিয়ে সেগুলো তুলে ফেলেন। এতে তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগ হারিয়ে তিনি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা এন্দাজ আলী জানান, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম পুকুরটিতে মাছ চাষ করছেন। হঠাৎ মাছ মরে যাওয়ায় তিনি বড় ধরনের লোকসানে পড়েছেন। কী কারণে মাছগুলো মারা গেছে, তা তদন্ত করে বের করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ১৫ বছর ধরে মাছ চাষের পর এমন ক্ষতি শহিদুল ইসলামের জন্য বড় ধাক্কা। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

নোহালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা মাছ চাষের উদ্যোগে এমন ক্ষতি একজন সাধারণ মাছচাষির জন্য সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের শনাক্ত করা প্রয়োজন।

তবে এ ঘটনায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেননি শহিদুল ইসলাম। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে সন্দেহ থাকলেও বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন বলে জানান তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, পানিতে অক্সিজেনের ঘাটতি, দূষণ কিংবা বিষাক্ত পদার্থের প্রভাবে মাছ মারা যেতে পারে। পরীক্ষা ছাড়া মাছের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ জন্য পুকুরের পানি ও মাছের নমুনা পরীক্ষা করা প্রয়োজন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়