১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ - ২৯ নভেম্বর, ২০২৬ - 29 November, 2026

গঙ্গাচড়ায় সরকারি রাস্তা দখল করে চলাচল বন্ধের চেষ্টা, থানায় অভিযোগ

133
2026-11-28 20:47:29

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগড়হড়া এলাকায় সরকারি রেকর্ডীয় রাস্তার প্রায় অর্ধেক অংশ দখল করে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মোঃ আকরামুজ্জামান (৩১)।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, বাগডহড়া এলাকায় ১২ ফুট প্রশস্ত একটি সরকারি রেকর্ডীয় রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা চলাচল করে আসছেন। তবে প্রতিবেশী রফিকুল ইসলাম, তাঁর মা কেচুয়ানী বেগম, স্ত্রী বুলবুলী বেগম ও ছেলে দুলু মিয়া বিভিন্ন সময় রাস্তার জমি দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। এ নিয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি।

অভিযোগে বলা হয়, গত ১৯ নভেম্বর সকাল ১০টার দিকে অভিযুক্তরা রাস্তার প্রায় অর্ধেক অংশ জোরপূর্বক দখল করে নির্মাণসামগ্রী দিয়ে বন্ধ করার কাজ শুরু করেন। এ সময় অভিযোগকারীসহ স্থানীয় কয়েকজন বাধা দিলে অভিযুক্তরা তাঁদের ওপর ক্ষিপ্ত হয়ে মারধরের জন্য উদ্যত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে রাস্তার প্রায় অর্ধেক অংশ বন্ধ করে দেওয়া হয়। এ সময় বাধা দিলে মারধর, পঙ্গু করে দেওয়া এবং মিথ্যা মামলায় হয়রানিসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারী আকরামুজ্জামান দাবি করেন, সরকারি রেকর্ডভুক্ত রাস্তার জমি দখল করে বন্ধ করে দেওয়ায় এলাকার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে রাস্তা দখলমুক্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাগডহড়া মৌজার জেএল নম্বর ৬৪/৭৬, বিডিএস খতিয়ান নম্বর ০১ এবং ৬১৭৭ নম্বর দাগে নকশা অনুযায়ী ১২ ফুট প্রশস্ত চলাচলের রাস্তা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়