ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, বাদীর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় ধর্ষণ মামলা তুলে নিতে আসামিপক্ষ চাপ ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী মোছাঃ আলেয়া বেগম (৩৫)। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগও উঠেছে। বাদীর দাবি, আসামিপক্ষ এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে।
গত ২৬ আগস্ট বুধবার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগ করেন আলেয়া বেগম। সাংবাদিক সম্মেলনে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় তিনি অভিযোগ করেন, ধর্ষণ মামলা দায়েরের পর থেকেই আসামিপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি এবং হুমকি দিয়ে আসছে। মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা এলাকার আলেয়া বেগমের সঙ্গে ২০২৫ সালের ১৭ আগস্ট রাতে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি ২০ আগস্ট ২০২৫ গঙ্গাচড়া মডেল থানায় মোঃ সাদেক আলী (৫২)-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
এজাহারে বাদী অভিযোগ করেন, ১৭ আগস্ট রাত আনুমানিক দেড়টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে আসামি বাড়িতে প্রবেশ করে তার শয়নকক্ষে ঢুকে তাকে জাপটে ধরে এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
এ সময় তার গোঙানির শব্দ শুনে শাশুড়ি মোছাঃ মোহছেনা বেগমসহ আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে থানায় মামলা দায়ের করেন বাদী।
সাংবাদিক সম্মেলনে বাদী দ্রুত মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিলের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে মামলা তুলে নিতে চাপ ও হুমকি এবং বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর বলেন, “ঢাকা থেকে এখনো ফরেনসিক রিপোর্ট পাইনি। রিপোর্ট পাওয়া গেলে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।”