১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ - ২৯ নভেম্বর, ২০২৬ - 29 November, 2026

রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০চেয়ার-টেবিল ভাঙচুর, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ; পণ্ড সম্মেলন

50
2026-11-28 20:52:14

news-picture

নিজস্ব প্রতিনিধি:

রংপুর মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্টদের দাবি। আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় সম্মেলনস্থলে চেয়ার-টেবিল ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে। একপর্যায়ে পণ্ড হয়ে যায় সম্মেলন।

শনিবার দুপুরে রংপুর স্টেডিয়ামের জিমনেসিয়ামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

জানা গেছে, রংপুর মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক সাগর হালদারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম জীবন কুন্ডু।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে আসা অতিথিরা আসন গ্রহণ করার পরপরই একদল নেতাকর্মী সম্মেলনস্থলে প্রবেশ করে ব্যানার ছিঁড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে। এ সময় পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত কুমারের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

এরপর সম্মেলনে উপস্থিত জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ২০ জন আহত হন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

এ সময় দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। তবে তাকেও লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংঘর্ষ চলাকালে একটি পক্ষকে ‘লীগ ধর’ স্লোগান দিতেও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতা ও সাবেক অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার রাম জীবন কুন্ডুর পাঞ্জাবি ছিঁড়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে দুপুর সাড়ে ১২টার দিকে সম্মেলন পণ্ড হয়ে যায়। ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারা সম্মেলনস্থল ত্যাগ করেন। পরে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে রংপুরের সভাপতি রাম জীবন কুন্ডুসহ কয়েকজন নেতা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে পুলিশ কমিশনার মাহবুব রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সেখানে নেতারা অভিযোগ করেন, সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলা ও ভাঙচুর ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে সাংবাদিকদের কাছে সন্তোষ শর্মা অভিযোগ করেন, বিএনপি নেতা ডা. নিখিল, যুবদল নেতা নয়ন, লেলিন, মিলন এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতার নেতৃত্বে পরিকল্পিতভাবে সম্মেলনে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করেছেন। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তাঁর অভিযোগ, সম্মেলন ভণ্ডুল করতে যুবদলের নেতারা সরাসরি অংশ নিয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করেছেন। মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করলেও তাঁরা তাঁর কথায় কর্ণপাত করেননি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন ও সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন। তাঁদের দাবি, পূজা উদযাপন পরিষদের সম্মেলনে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে পুনরায় কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সাধারণ নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। তবে হামলা বা ভাঙচুরের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে, মহানগর যুবদলের আরেক নেতা শ্রী বিপ্লব অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক নেতাকর্মী রাম জীবন কুন্ডু, প্রশান্ত কুমার রায় ও পিপাশ রায়সহ কয়েকজনকে পুনর্বাসনের উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এ কারণে পূজা উদযাপন পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাধা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব রশীদ বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়