৩ আষাঢ়, ১৪৩৩ - ১৮ জুন, ২০২৬ - 18 June, 2026

দক্ষিণ কোলকোন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল না থাকায় ঝুঁকিতে শিক্ষার্থীরা

30
2026-06-17 19:46:27

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকোন্দ মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল না থাকায় নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা। গঙ্গাচড়া-বড়াইবাড়ি সড়কের একেবারে পাশে অবস্থিত বিদ্যালয়টির সামনে দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে কোনো সীমানা প্রাচীর নির্মাণ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠ ও চারপাশ সম্পূর্ণ খোলা। বাউন্ডারি ওয়াল না থাকায় টিফিনের সময় কিংবা খেলাধুলার ফাঁকে শিক্ষার্থীরা সহজেই সড়কের কাছাকাছি চলে যায়। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন বলেন, “বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য উপজেলা পর্যায়ে একাধিকবার আবেদন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বরাদ্দ না পাওয়ায় কাজটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ অত্যন্ত জরুরি।”

একাধিক শিক্ষার্থী জানায়, সীমানা প্রাচীর না থাকায় খেলাধুলা ও চলাফেরার সময় তারা ঝুঁকির মধ্যে থাকে। তারা দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানায়।

অভিভাবক বিপ্লব রায় বলেন, “সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করছে। বিভিন্ন বিদ্যালয়ে উন্নয়নমূলক কাজও হচ্ছে। কিন্তু আমাদের এই বিদ্যালয়ে এখনও বাউন্ডারি ওয়াল নির্মাণ হয়নি। রাস্তার পাশে বিদ্যালয় হওয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ বলেন, “বিদ্যালয়টির বাউন্ডারি ওয়ালের প্রয়োজনীয়তার বিষয়টি আমাদের জানা আছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।”

স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে দক্ষিণ কোলকোন্দ মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ করা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে।

সর্বশেষ

জনপ্রিয়