১৪ আষাঢ়, ১৪৩৩ - ২৮ জুন, ২০২৬ - 28 June, 2026

সিটি এলাকাসহ রংপুর জেলায় সাড়ে ৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে

8
2026-06-28 21:01:23

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি কর্পোরেশন এলাকাসহ রংপুর জেলায় প্রায় সাড়ে ৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রোববার (২৮ জুন) সকাল থেকে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়া জেলার ৩টি পৌরসভাসহ ৮ উপজেলায় প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

রোববার সকাল আটটা থেকে শুরু হওয়া দিনব্যাপী ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টির ওয়ার্ডের ২৯৭টি কেন্দ্রে স্বাস্থ্য কর্মী, স্বেচ্ছাসেবী, সুপারভাইজার, মনিটরিং ও সুপারভিশন কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন। এছাড়াও এ কর্মসুচী পালনের জন্য উপজেলা, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এং পৌর সভার ১ হাজার ৮৩২ টি স্বাস্থ্য কেন্দ্রের ৩ হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবক, ৪৫৬ জন স্বাস্থ্য কর্মী এবং ২২৮ জন সুপারভাইজার, মনিটরিং ও সুপারভিশন কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন। এতে ৬ থেকে ১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইনের বাইরে বাদপড়া শিশুদের ভ্রাম্যমান টিম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজ করে। এ বছর ক্যাম্পেইনে জেলায় ১ হাজার ৭১৫ জন প্রতিবন্ধী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। কেন্দ্রগুলো ছাড়াও হাট-বাজার, বাসষ্টান্ড, লঞ্চঘাট, ও রেলওয়ে ষ্টেশনের অস্থায়ী এবং ভ্রাম্যমান কেন্দ্রে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধ করে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে।

দিনের শুরুতে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মসুচীর উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার শাহীন সুলতানা এবং সিটি কর্পোরেশনের স্থায়ী কেন্দ্রে কর্মসুচীর উদ্বোধন করেন সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ।

সর্বশেষ

জনপ্রিয়