২৯ আষাঢ়, ১৪৩৩ - ১৪ জুলাই, ২০২৬ - 14 July, 2026

বিরামপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহে ব্যাপক সাফল্য

12
2026-07-13 16:58:55

news-picture

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

শস্য ভাণ্ডারখ্যাত দিনাজপুরের খাদ্য উদ্বৃত্ত বিরামপুর (চরকাই) সরকারি খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহে ব্যাপক সাড়া মিলেছে। লক্ষমাত্রা অর্জনের কাছে পৌঁছে কর্মকর্তারা বলছেন নির্ধারিত সময়ের একমাস আগেই কার্যক্রম সম্পন্ন হবে।

জানা গেছে, বিরামপুর (চরকাই) খাদ্য গুদামে এবার ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৮৬ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৩ হাজার ১৭২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। মে মাস থেকে শুরু করা অভিযানে এ পর্যন্ত ৫৪১ মেঃটন ধান (৫০ শতাংশ) ও ২ হাজার ২২১ মেঃ টন চাল (৭১ শতাংশ) সংগ্রহ হয়েছে। মাঝে বস্তা সংকটের কারণে সংগ্রহ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়। বস্তা সরবরাহের পর ধান-চাল সংগ্রহে এখন গুদাম সংশ্লিষ্টরা ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার জাভেদ অটো রাইচ মিলের স্বত্বাধিকারী রবিউল ইসলাম বলেন, সরকারি খাদ্য গুদামের সংগ্রহ কাজে আমরা প্রতিবছর সহায়তা করে থাকি। এবারও আমার অনুকুলে বরাদ্দের সমুদয় চাল ইতিমধ্যেই জমা দিয়েছি। অন্যান্য মিলারগণ সরবরাহ নিশ্চিতে কাজ করছেন।

বিরামপুর (চরকাই) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কৃষকদের মাঝে ব্যাপক প্রচার ও মিলালগণকে উৎসাহ প্রদানের ফলে সংগ্রহ কার্যক্রমে সাফল্য আসছে। আগষ্ট মাস পর্যন্ত সংগ্রহের সময় থাকলেও চলতি জুলাই মাসের মধ্যে সংগ্রহের লক্ষমাত্রা অর্জন সম্ভব হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ বলেন, ধান-চাল সংগ্রহ অভিযান সফল করার লক্ষে আমরা মাইকিং ও পোষ্টারিং করে প্রচারণা চালিয়েছি এবং কৃষি বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করেছি। সবার সহযোগিতায় এবার একমাস আগেই সংগ্রহ লক্ষমাত্রা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। 

 

 

সর্বশেষ

জনপ্রিয়