গঙ্গাচড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, উদ্বোধনে বর্ণাঢ্য আয়োজন
নিজস্ব প্রতিবেদক:
তৃণমূলের শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং তাদের দক্ষতা বিকাশের লক্ষ্যে দেশজুড়ে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায়ও বর্ণাঢ্য আয়োজনে কর্মসূচিটির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারাদেশে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গঙ্গাচড়ায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া শিক্ষক, নিবন্ধিত শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্দেশ্য, পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বক্তারা বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের সুস্থ শরীর ও সুন্দর মন গঠনের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার সুযোগ তৈরি হবে। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে এসব প্রতিভা একসময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে সুনাম অর্জন করতে পারবে।